ফিচার

হারিয়ে যাওয়া ঢাকাই মসলিন

তাসরিফ হোসেন
তাসরিফ হোসেন 08 Mar, 2026
১১
বাংলার ভূপ্রকৃতি চিরকালই শিল্পের অনুকূল ছিল। অসংখ্য নদী, উর্বর পলিমাটি এবং আর্দ্র জলবায়ু এই জনপদকে শুধু কৃষিভিত্তিক সমাজেরই রূপ দেয়নি, গড়ে তুলেছিল সূক্ষ্ম কারুশিল্পের এক স্বতন্ত্র ধারকরূপেও। তারি এক অনন্য ধারা বাঙলার মসলিন। বাঙলায় মসলিনের জন্ম আসলে প্রকৃতি ও মানুষের পারস্পরিক সহাবস্থানেরই ফল।
 
    গঙ্গা–ব্রহ্মপুত্র–মেঘনা অববাহিকার বদ্বীপ অঞ্চল, বিশেষ করে বর্তমান ঢাকা ও তার আশপাশের এলাকা, মসলিন উৎপাদনের জন্য ছিল বিশ্ববিখ্যাত। এখানকার বাতাসে ছিল স্যাঁতসেঁতে কোমলতা, নদীর পানিতে ছিল বিশেষ খনিজ গুণ, আর মাটিতে জন্মাত এমন তুলা—যার তন্তু আজও ইতিহাসের বিস্ময়।
 
    এই তুলার নাম ফুটি কার্পাস। এটি ছিল স্থানীয় এক প্রজাতি, যা ভারত উপমহাদেশের  অন্য কোথাও তেমন জন্মাত না। ফুটি কার্পাসের তন্তু ছিল অত্যন্ত সূক্ষ্ম, মসৃণ এবং দীর্ঘ। এই তুলা থেকেই তৈরি হতো এমন সূতা, যা চোখে দেখা যেত না, কিন্তু আঙুলে অনুভব করা যেত।
 
    সূতা কাটার কাজ হতো একমাত্র ভোরের আলোয়। তখন বাতাসে আদ্রতা বেশি থাকত, যা সূতাকে ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করত। ইতিহাসবিদদের মতে, এই কাজের সঙ্গে জড়িত ছিলেন মূলত নারীরা। তাঁরা নিঃশব্দে, অসীম ধৈর্যের সঙ্গে, প্রজন্ম থেকে প্রজন্মে শেখা দক্ষতায় এই সূতা কাটতেন। এটি ছিল কেবল শ্রম নয়—এক ধরনের নীরব শিল্পচর্চা।
 
    এই সূতা বোনা হত একমাত্র কাঠের তৈরি তাঁতে। প্রতিটি তাঁতি জানতেন, একটি মসলিন কাপড় সৃষ্টি মানে সময়ের সঙ্গে এক গভীর চুক্তি। কোনো তাড়াহুড়া নেই, কোনো শর্টকাট নেই। মাসের পর মাস ধরে ধীরে ধীরে জন্ম নিত একখণ্ড মসলিন—যার ওজন এতটাই কম যে তাকে বাতাসের মত হালকা মনে হত।
 
    এভাবেই মসলিন হয়ে উঠেছিল বাংলার ভূপ্রকৃতির এক জীবন্ত ভাষ্য। নদীর প্রবাহ, বাতাসের আর্দ্রতা, মাটির উর্বরতা এবং মানুষের ধৈর্য—সব মিলেই মসলিনের সূচনাপর্বকে বয়নশিল্পের ইতিহাসের  কিংবদন্তীতে পরিণত করেছে।
thescroll.in
প্রাচীন বাঙলায় মসলিনের অস্তিত্ব, ইতিহাসের পাতায় সূক্ষ্মতার প্রথম ছাপ
 
    মসলিনের ইতিহাস শুধু লোককথায় সীমাবদ্ধ নয়; এর ছাপ পাওয়া যায় প্রাচীন বিশ্বসাহিত্য ও ভ্রমণবৃত্তান্তেও। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এমন এক ধরনের বস্ত্রের উল্লেখ করেন, যা ছিল “বাতাসের মতো হালকা”। যদিও তিনি সরাসরি বাঙলার নাম বলেননি, কিন্তু ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায়—এই বর্ণনা ঢাকাই মসলিনের সঙ্গেই সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ।
 
    ভারতীয় উপমহাদেশের প্রাচীন গ্রন্থ কৌটিল্যের অর্থশাস্ত্রে সূক্ষ্ম বস্ত্রের উল্লেখ রয়েছে, যা রাজকীয় ও অভিজাত শ্রেণীর ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল। এসব সূত্র থেকে বোঝা যায়, মসলিন কেবল দেহাবরণের প্রয়োজন মেটাত না; এটি ছিল সেই সময়ের সামাজিক মর্যাদা ও রুচির প্রতীক।
 
    আরও পরে, চীনা পর্যটক ও আরব বণিকদের বিবরণে বাংলার সূক্ষ্ম বস্ত্রের প্রশংসা পাওয়া যায়। তারা উল্লেখ করেন এমন এক অঞ্চলের কথা, যেখানে মানুষ তুলাকে শিল্পে রূপান্তর করেছে— অপার ধৈর্য ও শৈল্পিক নান্দনিকতায়।
 
    এই সময়েই মসলিন ধীরে ধীরে স্থানিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যের পথে এগোয়। নদীপথে, স্থলপথে এবং সমুদ্রপথে মসলিন পৌঁছে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং উৎস হিসেবে বাঙলার সঙ্গে পরিচিত হয় বহির্বিশ্ব।
 
হারিয়ে যাওয়া ঢাকাই মসলিন ও তার উত্তরসূরি
 
    এক সময় যে ঢাকাই মসলিন ছিল বাঙলার গৌরব ও বিশ্ববাজারে অতুলনীয় শিল্পনৈপুণ্যের প্রতীক, সময়ের নির্মম বাস্তবতায় তা ধীরে ধীরে হারিয়ে যায়। ঔপনিবেশিক শাসন, পরিকল্পিত বাণিজ্যিক বৈষম্য, তাঁতশিল্পের অবহেলা এবং কারিগরদের জীবিকা সংকট—সব মিলিয়ে মসলিন তার স্বর্ণযুগ হারায়। সেই সঙ্গে হারিয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা সূক্ষ্ম বয়নজ্ঞান ও নান্দনিক ঐতিহ্য।
 
    তবু মসলিন পুরোপুরি বিলুপ্ত হয়নি; বরং তার উত্তরসূরি হিসেবে টিকে আছে জামদানি, খাদি ও সূক্ষ্ম সুতি বস্ত্রের নানা ধারা। আধুনিক গবেষণা, ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ এবং কারিগরদের পুনরুজ্জীবনের মাধ্যমে আজ আবার ঢাকাই মসলিনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মসলিনের উত্তরধারাগুলো শুধুই অতীতের স্মৃতিপট নয়, বরং বাঙলার সাংস্কৃতিক উত্তরাধিকারের জীবন্ত সাক্ষ্য।
তাসরিফ হোসেন

তাসরিফ হোসেন

দ্য স্ক্রল এর একজন নিয়মিত লেখক এবং বিশ্লেষক।